ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৯:৪০ পিএম
ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
শনিবার(১৪ জুলাই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, আমরা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের উপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে।
গত ৮-১০ জুলাই চীনে তার ৩ দিনের দ্বিপক্ষীয় সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রামের ওপর গুলিবর্ষণের বিষয়ে মন্তব্য করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হতে পারে?
তিনি আরো বলেন, ‘ট্রাম্প আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।’ তবে তিনি তার কানে আঘাত পেয়েছেন।
ডেমোক্রেটিক পার্টি হামলার জন্য সরকারকে দায়ী করেনি। তবে, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার পর নিন্দা জানিয়েছেন।
আরো পড়ুন: শিক্ষক আন্দোলন নিয়ে কঠোর প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন হবে। এসময় তিনি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করেন। তৎকালীন বিএনপি-জামায়াত সরকার গ্রেনেড হামলার জন্য তাকে দায়ী করেছিল। পরবর্তীতে তদন্তে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা মামলায় দোষী সাব্যস্ত হন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশের সময় কানে গুলিবিদ্ধ হন। গুলি বর্ষণ করা হলে তিনি মঞ্চ ত্যাগ করেন।
