এমপি আনার হত্যাকাণ্ড
নেপালে আটক সিয়াম কলকাতার গোয়েন্দা হেফাজতে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল হোতা আখতারুজ্জামান শাহীনের সহযোগী নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশ (সিআইডি)।
শুক্রবার (৭ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
কমিশনার হাবিবুর রহমান বলেন, অভিযুক্ত সিয়াম নেপালে পালিয়ে ছিলেন। তাকে নেপাল পুলিশ আটক করে। কলকাতার সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আরো পড়ুন: যুবসমাজকে দেশসেবার আহ্বান মেয়র আতিকের
সম্প্রতি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়। আটক সিয়াম আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে, আটক সিয়াম আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন।
হত্যার ঘটনা তদন্তে নেপাল সফর করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
আরো পড়ুন: গরিব মানুষের সংখ্যা সবচেয়ে বেশি যে বিভাগে
নেপাল থেকে ফিরে হারুন বলেন, নেপাল থেকে সিয়ামকে নেয়ার জন্য ভারতও চেষ্টা করছে, তাদের কাছেও সিয়াম মোস্ট ওয়ান্টেড। নেপাল কাঠমান্ডু অ্যাক্ট অনুযায়ী অপরাধের ধরণ এবং স্থান বিবেচনা করে ঠিক করবে সিয়ামকে কার কাছে দেয়া হবে। যাকেই দেয়া হোক, তদন্তে কোনো দেশেরই কোনো সমস্যা হবে না। সিয়ামকে পেলে আলামত উদ্ধারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।
