নির্বাচনী কর্মকর্তাদের ট্রলারকে লক্ষ্য করে শতাধিক গুলি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম
ছবি: ভোরের কাগজ
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম নিয়ে ফেরা ট্রলারকে লক্ষ্য করে শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ট্রলারে গায়ে গুলি লেগেছে। তবে কারা এই গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে তা জানতে বিজিবি ও কোস্টগার্ডসহ প্রশাসনের সংশ্লিষ্টরা কাজ করছে।
বুধবার (৫ জুন) রাত সাড়ে ৮ টায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে সাগরের নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।
আদনান বলেন, গত ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিন দ্বীপ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ছিল। বুধবার ওই কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে ফেরার পথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নাইক্ষযংদিয়া নামক এলাকায় পৌঁছালে নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ইভিএমের সরঞ্জাম ভর্তি সার্ভিস ট্রলারকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ট্রলারটি লক্ষ্য করে অন্তত শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে।
আরো পড়ুন: সিংগাইরে আবারো প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন
তবে মিয়ানমারের সীমান্তের দিক থেকে গুলিবর্ষণ করা হয়েছে বলে ট্রলারে থাকা লোকজনের তথ্যের বরাতে আদনান চৌধুরী বলেন, এটা মিয়ানমারের সরকারি বাহিনী নাকি বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা গুলি করেছে তা পরিষ্কার হওয়া যায়নি।
নির্বাচনী কর্মকর্তা ও সরঞ্জাম নিয়ে ফেরা এসবি রাফি সার্ভিস ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল বলেন, নির্বাচন শেষে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় পৌঁছালে মিয়ানমারের উপকূলীয় এলাকা থেকে ট্রলারকে লক্ষ্য করে শতাধিক গুলি বর্ষণ করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ট্রলারে কয়েকটি গুলি লেগেছে।
এব্যাপারে বিজিবি বা কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কল দিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।
