নেপাল যাওয়ার আগে যা বললেন ডিবি প্রধান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৭:০০ পিএম
ছবি: সংগৃহীত
ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছেন বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়া সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে আমরা সেখানে যাচ্ছি।
শনিবার (১ জুন) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ডিবির প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে রয়েছে ডিবির তিন সদস্য ও একজন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরস-এনসিবির সদস্যসহ মোট চারজনের একটি দল।
হারুন বলেন, বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছেন। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে গেছেন। এমন আরও অন্য আসামিদের বিষয়েও তথ্য পাচ্ছি।
আরো পড়ুন: এমপি আনার হত্যাকাণ্ড: সিয়াম নেপালে আটক
তিনি বলেন, আগেও শীর্ষ সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছেন। তদন্তের কাজেই আমরা নেপালের কাঠমান্ডু যাচ্ছি। নেপালের পুলিশের কাছে তদন্তে সহযোগিতা চাইবো।
সিয়াম নামে কোনো আসামি নেপালে আটক আছেন কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, সিয়ামসহ বেশ কয়েকজনের বিষয়ে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। কাঠমান্ডু পুলিশকেও জানিয়েছি। যেসব আসামি নেপালে থাকবে তদের গ্রেপ্তার করার জন্য আমরা তাদের অনুরোধ জানিয়েছি। এরই ধারাবাহিকতায় মামলার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য নেপাল পুলিশের সঙ্গে কথা বলবো।
ডিবিপ্রধান বলেন, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় কেউ কাঠমান্ডু থাকতে পারে, আবার কেউ সেখান থেকে অন্য দেশে চলে যেতে পারে। অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করে সেখানে থাকে।
ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে নেপালে যেন ঠাঁই না পায় সে ব্যাপারেও দেশটির পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানান তিনি।
