ইরান-ইসরায়েল যুদ্ধ
ইসরায়েল লক্ষ্য করে আবারো ইরানের ক্ষেপনাস্ত্র হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম
ছবি: সংগৃহীত
তেহরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে, প্রায় একই সময়ে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘ইসরায়েল লক্ষ্য করে ইরান দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল।’
সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ‘প্রত্যক্ষদর্শীরা কাতারের রাজধানী দোহা এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন দফায় বিস্ফোরণের শব্দ শুনেছেন।’
তেহরান জানিয়েছে, ‘তারা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।’
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘শনিবার সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘সামরিক মূল্যায়ন অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলোর কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে, আর অন্যগুলো খোলা এলাকায় আঘাত হেনেছে।’
