‘ফ্ল্যাট দখলের চেষ্টা’
এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম
ফাইল ছবি
রাজধানীর গুলশানে এক শিল্পপতির ‘ফ্ল্যাট দখলের সময়’ তার স্ত্রী-সন্তানদের ‘মারধর, ভাঙচুর ও লুটপাটের’ মামলায় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বুধবার এ আদেশ দেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীও এ মামলার আসামি।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বলেন, ‘আজ মামলার ধার্য তারিখ ছিল। আসামিরা ধার্য তারিখ পর্যন্ত জামিনে ছিল। ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজিরা দেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরী সংসদ অধিবেশনের কারণে আদালতে হাজির হতে পারেননি। অপর চার আসামি সামির কাদের চৌধুরী, শাকির কাদের চৌধুরী, মেরিনা ইরশাদ এবং আশিকুর রহমান চট্টগ্রামে থাকায় আদালতে আসেননি।’
তিনি বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং তার নিরাপত্তারক্ষী রাকিব চৌধুরীর সঙ্গত কারণে আদালতে না আসায় আবেদনের বিরোধিতা করিনি। তবে অপর চার আসামির জামিন বাতিলের আবেদন করি। আদালত চার আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গত বছরের ৮ সেপ্টেম্বর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলে।
মামলা হওয়ার পর অভিযোগ অস্বীকার করে গিয়াস কাদের চৌধুরীর বড় ছেলে সামির কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘এটা পুরোপুরি বানোয়াট মামলা। গত সাড়ে চার বছরে এমনকি আজকে পর্যন্ত কখনও আমরা ওই ভবনের ধারে কাছে যাইনি। এই নারীর বিরুদ্ধে ১০ দিন আাগে থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।’
