×

আইন-বিচার

জেআইসি সেলে গুম-নির্যাতন

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১২ জন সেনা কর্মকর্তাসহ মোট ১৩ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাড়াও প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্যে এ মামলায় গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

আরো পড়ুন : কাদের-আরাফাতসহ ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

পলাতক ১০ আসামির মধ্যে পাঁচজন বিভিন্ন সময়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

অন্য পলাতক আসামিরা হলেন, শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেওয়ার জন্য প্রথমে ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হলেও সেদিন কোনো আদেশ না দিয়ে আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। যদিও ওই দিন গ্রেপ্তার তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

গত ৯ নভেম্বর গ্রেপ্তার তিন আসামির অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি বেআইনি আটক, অপহরণ, নির্যাতন এবং গুম—এই চারটি গ্রাউন্ড উল্লেখ করে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হাসান ইমাম ও আমির হোসেনসহ অন্যরা শুনানি করেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়। গত ৭ ডিসেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জেআইসি সেলে সরকারবিরোধী ঘরানার ব্যক্তিদের তুলে এনে গুম করে নির্যাতনের বিস্তারিত ও ভয়াবহ বর্ণনা তুলে ধরেন। তিনি ২০১৫ সালের ২২ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গুম হওয়া ২৬ জনের ঘটনার কথাও আদালতে উপস্থাপন করেন। শুনানি শেষে তিনি ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানান।

এর আগে, গত ২৩ নভেম্বর পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল। স্বেচ্ছায় মামলা পরিচালনার জন্য শেখ হাসিনার আইনজীবী হিসেবে প্রথমে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না নিয়োগ পেলেও শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তিনি ৩ ডিসেম্বর তা প্রত্যাহার করেন। পরে মো. আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এ মামলার তিন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক আসামিদের হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। এর আগে ৮ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

২০৩৪ সালের মধ্যে ২০৫ বিলিয়ন ডলারে দাড়াবে ভারতের চিপ শিল্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App