পুর্ব শত্রুতার জের
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পিএম
ফাইল ছবি
খুলনায় পুর্ব শত্রুতার জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে তেরখাদা উপজেলার ৬ নং মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নুর আলম (৫৬) ও মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০)।
জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) সকালে ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিএনপির দুই গ্রুপ শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষে প্রথমে সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. হিজমুল্লাহ সোহেল রানার মৃত্যু হয়।
পুলিশ সুপার আরো বলেন, ধান কাটা ও পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
