ইসরায়েলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি মালয়েশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি- সংগৃহীত
গাজাগামী ত্রাণবাহী বহরের কর্মীদের অপহরণ ও নির্যাতনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। দেশটির সংবাদমাধ্যম ‘মালয় মেইল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় তথ্য ও সমর্থনযোগ্য প্রমাণ সংগ্রহের কাজ শেষ হলেই মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিকভাবে এই আইনি পদক্ষেপ নেবে।
মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি জানান, ত্রাণবাহী বহরের কর্মীদের বিরুদ্ধে চালানো নৃশংসতা, অপহরণ ও নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী এসব কর্মীর মধ্যে মালয়েশিয়ার নাগরিকেরাও রয়েছেন।
মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, ‘আমরা নীরব থাকব না, থেমেও যাব না। আমাদের আইনি দল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সব নথি সংগ্রহ করছে। ওই কর্মীদের একাধিকবার অপহরণ ও নির্যাতন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। পাশাপাশি কূটনৈতিক চাপ অব্যাহত রাখব এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এই অন্যায়ের বিরুদ্ধে প্রচার চালাব।’
