হোয়াইট হাউসে বন্দুক হামলাকারী ‘যিশুর অবতার’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:৪১ পিএম
ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিসের চেকপোস্টে গুলি চালানো বন্দুকধারীকে শনাক্ত করা হয়েছে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট।
ওই বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হোয়াইট হাউসের প্রবেশপথের চেকপোস্টগুলোর কাছাকাছি ঘোরাঘুরির কারণে প্রায়ই সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের নজরে আসতেন তিনি। গত বছর যানবাহন চলাচলে বাধা দেওয়া এবং হোয়াইট হাউসের একটি সংরক্ষিত পথচারী নিয়ন্ত্রণ চৌকিতে প্রবেশের অপরাধে তাকে দুবার গ্রেপ্তার করা হয়েছিলো। সে সময় ওয়াশিংটন ডিসি পুলিশ এবং সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে আটক করলে নাসির দাবি করেছিলেন যে, তিনি নিজেই গ্রেপ্তার হতে চান এবং নিজেকে আধুনিক যুগের ‘যিশু খ্রিস্টের অবতার’ হিসেবে পরিচয় দেন।
তদন্তকারীরা তাই ধারণা করছেন, ‘নাসিরের এই হামলা মূলত তার মানসিক অস্থিরতার কারণেই ঘটেছে। তবে এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে বর্তমানে আরও তদন্ত চলছে।’
এর আগে, নাসির বেস্টের বিরুদ্ধে হোয়াইট হাউজ প্রাঙ্গণ থেকে দূরে থাকার জন্য একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘২৪ মে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় নাসিরে বেস্টকে। এরপর তিনি হঠাৎ অস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে অন্তত একজন পথচারী গুরুতর আহত হন।’
ঘটনার পর সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশন পাল্টা গুলি চালিয়ে তাকে ‘নিষ্ক্রিয়’ করে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তার সংস্থা ঘটনাস্থলে কাজ করছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
