হরমুজ, তেল আর নিষেধাজ্ঞা ঘিরেই হবে ইরান-মার্কিন চুক্তি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে অবশেষে একটি বড় সমঝোতা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। এই সম্ভাব্য চুক্তির হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে আরো ৬০ দিন, যার বিনিময়ে উন্মুক্ত করা হবে কৌশলগত হরমুজ প্রণালী। এর বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধ প্রত্যাহার করা হবে। এতে কোনো বাধা ছাড়াই তেল বিক্রির সুযোগ পাচ্ছে তেহরান।
এদিকে, চুক্তিটি কার্যকর হওয়ার পর ইরান তাদের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।
রোববার (২৪ মে) সংবাদমাধ্যম এক্সিওসকে এসব তথ্য জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
তিনি বলেছেন, ‘ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলোও অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা।’
তিনি আরো বলেন, এছাড়া ইরান কথা দেবে তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন এ মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ যদি কোনো হামলা বা উস্কানি দেয় তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে।
আলাদা দুটি সূত্র বার্তা সংস্থা এক্সিওসকে বলেছেন, ‘মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে দেবে এবং সমৃদ্ধকৃত যেসব ইউরেনিয়াম আছে সেগুলো ছেড়ে দেবে।’
মার্কিন ওই কর্মকর্তা বলেছেন, ‘তাদের আশা আজকেই চুক্তির ঘোষণা আসতে পারে।’
এক্সিওসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘ট্রাম্প ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যেসব দাবি জানাচ্ছে, সেগুলো যদি তেহরান মানে তাহলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবারো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুযোগ থাকবে। অপরদিকে ইরান অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবে।’
সূত্র: এক্সিওস
