ইসরায়েলের পাতা যুদ্ধের ফাঁদে পা দেয়নি সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১১ পিএম
সৌদি আরবের রাজপরিবারের সদস্য তুর্কি আল-ফয়সাল। ছবি- এএফপি
ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ উসকে দেওয়ার লক্ষ্যে ইসরায়েল যে পরিকল্পনা করেছিল, রিয়াদ কোনোভাবেই তার অংশ হতে চায়নি। সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং দেশটির গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল এই মন্তব্য করেছেন।
সৌদি মালিকানাধীন সংবাদমাধ্যম ‘আরব নিউজ’-এ লেখা এক নিবন্ধে আল-ফয়সাল সতর্ক করে বলেন, ইসরায়েলের এই যুদ্ধ উসকে দেওয়ার পরিকল্পনা সফল হলে পুরো অঞ্চল ধ্বংসযজ্ঞে নিমজ্জিত হতো। এতে হাজার হাজার মানুষের প্রাণহানির বিনিময়ে কেবল ইসরায়েলের আঞ্চলিক প্রভাবই বৃদ্ধি পেত।
আল-ফয়সালের মতে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুদ্ধ এড়াতে এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। উত্তেজনা কমাতে সৌদি আরব বর্তমানে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, ইরান ও অন্যরা যখন সৌদি আরবকে যুদ্ধের আগুনে টেনে নেওয়ার চেষ্টা করছিল, তখন রিয়াদ সংযম দেখিয়েছে। নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় প্রতিবেশীর দেওয়া কষ্ট সহ্য করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃত্ব। সৌদি আরব চাইলে পাল্টা হামলা চালাতে পারত, কিন্তু তাতে নিজেদের তেল স্থাপনা ও সুপেয় পানির প্ল্যান্টগুলো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকত।
নিবন্ধে তিনি কঠোর ভাষায় বলেন, ‘যুদ্ধের পক্ষে যারা কথা বলছেন, তারা সম্ভবত বুঝতেই পারছেন না যে তাদের পায়ের নিচ থেকে কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরান প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালায়। সৌদি আরবও তখন সেই হামলার লক্ষ্যবস্তু হয়েছিল।
