ইরানের বিল্পবী গার্ডকে অস্ত্র সমর্পণের আহ্বান ট্রাম্পের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
ফাইল ছবি
ইরানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা বিল্পবী গার্ড বাহিনীকে সতর্ক করেছেন।
বিবিসি পার্সিয়ান সার্ভিসের খবরে তাকে কোট করা হয়েছে, ‘তোমাদের অবশ্যই তোমাদের অস্ত্র জমা দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের সাথে ন্যায্য আচরণ করা হবে এবং তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা থাকবে; অন্যথায়, তোমাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে’।
ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরান থেকে ‘আসন্ন হুমকি অপসারণ’ করা।
এই হামলার পর ইরানের হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে এবং আহতদের সংখ্যা চূড়ান্ত নিশ্চিতকরণের পরে ঘোষণা করা হবে।
ইরানের বিভিন্ন শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে।
