আফগানিস্তানে পাক হামলায় নিহত ১৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি: সংগৃহীত
আফগানিস্তান সীমান্তের নাঙ্গারহারে পাকিস্তানের বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছেন। এতে আরো অনেকে আহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরের এ হামলায় করে পাকিস্তান। তবে এই হামলার উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আল জাজিরা
প্রতিবেদনে বলা হয়েছে, ‘আফগানিস্তান সীমান্তে জঙ্গি আস্তানা লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলার জেরে এ অভিযান চালানো হয়।’
এদিকে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘সীমান্তবর্তী নাঙ্গারহার এবং পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় স্কুল এবং আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী ও শিশুসহ অনেকে হতাহত হয়েছে।’
আফগানিস্তানের একটি সূত্র জানিয়েছে, ‘নাঙ্গারহারে পাকিস্তানের হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।’
পাকিস্তানের এই হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একে আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের নীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বেসামরিক নাগরিক এবং ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে দায়ী করছি। যথাসময়ে এই হামলার পরিমিত এবং উপযুক্ত জবাব দেয়া হবে।’
এর আগে, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) দেয়া বিবৃতিতে জানিয়েছে, ‘দেশটির সামরিক বাহিনী পাকিস্তান তালেবান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি ক্যাম্প ও আস্তানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিক নির্ভুল অভিযান পরিচালনা করেছে।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সীমান্ত অঞ্চলে আইএসের একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। মন্ত্রণালয় বলছে, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো ‘আফগানিস্তানভিত্তিক সংগঠনের নেতৃত্বে হয়েছে- এমন ‘অকাট্য প্রমাণ’ তাদের কাছে রয়েছে।’
পাকিস্তান বলেছে, ‘আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো যাতে হামলা চালাতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নিতে তালেবান সরকারকে বারবার আহ্বান জানানো হলেও কাবুল ‘কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি’।’
এ হামলার আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় একটি নিরাপত্তা বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন।
এছাড়াও গত সোমবার বাজাউর এলাকায় আরেক আত্মঘাতী হামলায় অস্ত্রধারীদের সহায়তায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা পোস্টের দেয়ালে আছড়ে পড়লে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পরে কর্তৃপক্ষ জানায়, হামলাকারী আফগান নাগরিক।
