গাজায় নিহত আরো ২৮, প্রাণহানি প্রায় ৩৮ হাজার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৯:৫৭ এএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৮ হাজারে। আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ৯৫৩। অন্যদিকে হামলায় আহত হয়েছেন অন্তত ৮৭ হাজার ২৬৬ জন। সর্বশেষ খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি পাঁচতলা ভবনে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিনটি পরিবারের বিরুদ্ধে ইসরায়েলি ‘হত্যাকাণ্ডে’ ২৮ জন নিহত এবং আরো ১২৫ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আরো পড়ুন : যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধ করবে হিজবুল্লাহ
ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক বিষয়ক সমন্বয়ের জন্য জাতিসংঘ অফিসের প্রধান আন্দ্রেয়া ডি ডোমেনিকো বলেছেন, ‘গাজায় কোথাও কেউ নিরাপদ নয়। ভূখণ্ডটি একটি জায়গায় পরিণত হয়েছে যেখানে ‘মানুষ নিরাপদ আশ্রয় খুঁজে পায় না।’ হামাস জানিয়েছে, তাদের নেতা ইসমাইল হানিয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাতার এবং মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ করছেন।
ইসরায়েল হামাসের মন্তব্যের মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে ‘জবাব জানাবে’ বলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ।
মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।
মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
