আরো দুই জেলায় নতুন ডিসি নিয়োগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম
ছবি : সংগৃহীত
ঢাকার পর আরো দুই জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরো পড়ুন : পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
এর আগে একই দিনে আরেকটি প্রজ্ঞাপনে ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানম। তিনি এর আগে চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল।
অন্যদিকে ঢাকার সাবেক ডিসি মো. রেজাউল করিমকে ওই পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
