জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে: ইশরাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনা না করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত সকলের পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির দলীয় পরিচয়ের কারণে বিগত সরকারের সময়ে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।
ইশরাক হোসেন বলেন, বিগত সময়ে বিএনপি দলীয় পরিচয়ের ভিত্তিতে কিছু বঞ্চিত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়নি। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচ্য হবে না। যারা আহত বা শহীদ হয়েছেন এবং আন্দোলনে অবদান রেখেছেন সবার পুনর্বাসন, চিকিৎসা নিশ্চিত করা হবে। শহীদ পরিবারগুলোকে তাদের প্রাপ্য সম্মান ও সহায়তা দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়েও জানতে চেয়েছেন।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশনের পূর্ববর্তী কার্যক্রম সম্পর্কেও প্রধানমন্ত্রীর আগ্রহ ছিল। সরকারের পক্ষ থেকে একটি বড় অঙ্কের তহবিল প্রদান করা হয়েছিল। সেই অর্থ যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না, সে বিষয়েও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
