খাবারের জন্যও লড়াই করতে হয়েছে: বিজয়ের বাবা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১১:০৮ এএম
ছবি : সংগৃহীত
রবিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপাতি। একবারের চেষ্টাতেই নির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন তিনি। আর সেই ঐতিহাসিক মুহূর্ত ঘিরে এখন দেশজুড়ে চলছে বিজয় বন্দনা। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম আর কঠিন বাস্তবতার গল্প।
পুত্রের শপথগ্রহণ অনুষ্ঠানের পর আবেগে ভেসে গেলেন বিজয়ের বাবা ও পরিচালক এস. এ. চন্দ্রশেখর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁদের জীবনে একসময় চরম আর্থিক সংকট ছিল। সংসার চালানোই ছিল বড় লড়াই। সেই সময় থেকেই তিনি স্বপ্ন দেখতেন একদিন তাঁর ছেলে বড় মানুষ হবে এবং মানুষের জন্য কাজ করবে। আজ সেই স্বপ্নই বাস্তবে পরিণত হয়েছে।
এস. এ. চন্দ্রশেখর বলেন, ছেলের শপথগ্রহণ অনুষ্ঠান দেখতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে। কারণ, বিজয় শুধু সফল অভিনেতাই নন, এখন তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও। তিনি জানান, জীবনের নানা প্রতিকূলতার মাঝেও বিজয় কখনও হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং মানুষের প্রতি ভালোবাসাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
আরো পড়ুন : বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কটাক্ষ মোদির
ছেলের এই অর্জনে গর্বিত বাবা-মা। সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ও আমার স্বপ্ন পূরণ করেছে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। তিনি আরো বলেন, আমাদের বিয়ে হয়েছিল ১৯৭৩ সালে, বিজয়ের জন্ম ১৯৭৪ এ। তখন আমি সহ-পরিচালক হিসেবে কাজ করতাম। একসময় খাবারের জন্যও লড়াই করতে হয়েছে। কিন্তু বিজয় সেই দিনগুলোর কথা কখনও ভোলেনি।
অভিনয়জগতে দীর্ঘ সাফল্যের পর রাজনীতিতে এসেও খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বিজয়। এবার সেই জনপ্রিয়তাই তাকে পৌঁছে দিয়েছে তামিলনাড়ুর সর্বোচ্চ রাজনৈতিক আসনে।
