শিক্ষার্থীদের ঈদের দিন আপ্যায়ন করাবে জবি প্রশাসন
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৭:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে প্রথমবারের মতো ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের জন্য ঈদের দিন ঢাকায় ও ছাত্রী হলে অবস্থানরত সব শিক্ষার্থীদের আপ্যায়ন করাবে প্রশাসন। এর জন্য ৫ টি খাসির ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের দিন অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারে না। অনেকে হলে থাকে। এরমধ্যে ভিন্ন ধর্মের শিক্ষার্থীরাও রয়েছে। ঈদে বাড়ি যেতে না পারায় কেউ যেনো আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য উপাচার্য সবার জন্য দুপুরে খাবারের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য ৫ টি খাসির ব্যবস্থা করা হয়েছে। থাকবে পোলাও, ডিমের কোরমাসহ আরো নানা পদের খাবার। ক্যাম্পাসে বা ঢাকায় অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদেরও এ আপ্যায়ন করা হবে। এর মাধ্যমে জবিতে প্রথমবারের মতো নতুন এক দৃষ্টান্ত স্থাপন হবে।
আরো পড়ুন: ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন জবি অধ্যাপক ড. জাকির হোসেন
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ঈদে সবাই বাড়ি যাচ্ছে। তবে শুনেছি কিছু শিক্ষার্থী ঈদে বাড়ি যেতে পারেনি। ঢাকায় অবস্থান করছে। তারা যেনো ঈদে মন খারাপ না করে ও ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। তাই ঈদের দিন তাদের জন্য একটি ভালো লাঞ্চের ব্যবস্থা করতে বলেছি। শিক্ষার্থীদের তালিকাও করা হচ্ছে।
