১ বছরে যেসব দেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স এলো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত
বিদায়ী অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো ১০ দেশের মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে মোট ৪৫৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার এসেছে। এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরবসহ আরো কয়েকটি দেশ। বাংলাদেশে গত অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন আরব আমিরাতের প্রবাসীরা। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আছে মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ঢুকেছে ২৯৬ কোটি ১৬ লাখ ডলার। এর মধ্য দিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান দখল করেছে দেশটি। যুক্তরাজ্য, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, কাতার, ওমান ও বাহরাইন থেকে ২০২৩-২৪ অর্থবছরে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭৯ কোটি ৩২ লাখ, ২৭৪ কোটি ১৫ লাখ, ১৬০ কোটি ৭৭ লাখ, ১৪৯ কোটি ৬৭ লাখ, ১৪৬ কোটি ১৬ লাখ, ১১৫ কোটি, ১১২ কোটি ৩৫ লাখ এবং ৬৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার।
আরো পড়ুন:পুরো বছরে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে
২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল সৌদি থেকে। সেবার দেশটি থেকে আসে ৩৭৬ কোটি ৫৩ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫২ কোটি ২০ লাখ ডলার পৌঁছে যুক্তরাষ্ট্র থেকে। সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, ইতালি, মালয়েশিয়া, ওমান ও বাহরাইন থেকে ২০২২-২৩ অর্থবছরে যথাক্রমে রেমিট্যান্স এসেছিল ৩০৩ কোটি ৩৯ লাখ, ২০৮ কোটি ৪ লাখ, ১৫৫ কোটি ৫২ লাখ, ১৪৫ কোটি ২৭ লাখ, ১১৮ কোটি ৫৯ লাখ, ১১২ কোটি ৫৯ লাখ, ৭৯ কোটি ০৭ লাখ এবং ৫২ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার।
সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬৮ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২ হাজার ৪৩ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৬২ লাখ ১০ হাজার ডলার পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য বিদায়ী অর্থবছরের জুনে দেশে ২৫৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার এসেছে। এর আগের মাসে এসেছিল ২২৫ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ডলার। এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে পৌঁছেছিল যথাক্রমে ২০৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার, ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, ২১৬ কোটি ৬০ লাখ এবং ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার।
তাছাড়া গত ডিসেম্বরে ১৯৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আর গত নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইতে এসেছে যথাক্রমে ১৯৩ কোটি ৪০ হাজার, ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার, ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার, ১৫৯ কোটি ৯৪ লাখ, ৫০ হাজার এবং ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার।
