চুরির অপবাদে কৃষককে পিটিয়ে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে শমশের আলী শেখ (৬৮) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১ মার্চ) ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শমশের আলী ওই গ্রামের সোবান শেখের ছেলে।
নিহতের পরিবার জানান, রোববার ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পর শমশের আলীর ওপর চুরির অপবাদ দেন স্থানীয় বরকত শেখ। পানির মোটর চুরির অভিযোগ তুলে অর্থ দাবি করলে শমশের আলী তা অস্বীকার করেন। এ নিয়ে শুরু হওয়া বাগ্বিতণ্ডার একপর্যায়ে বরকত পাশের বাঁশঝাড় থেকে একটি বাঁশ এনে শমশেরের মাথায় সজোরে আঘাত করেন। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘লাঠির আঘাতে শমশের আলীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত বরকতকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
