পাচারকালে ৫৫ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখিয়ে বিদেশে পাচারের সময় কক্সবাজারের সমুদ্র পথে কোস্টগার্ড একটি বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মানবপাচারকারীকে আটক করেছে এবং নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ৫ চক্রের সদস্যরা হলেন, বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকার নবী হোসেন (২৭), মহেশখালী কেরুনতলী এলাকার মো. রায়হান (২০), বাহারছড়া বড় ডেইল এলাকার মাহফুজ উল্লাহ (১৮), উখিয়া কুতুপালং ১ নং ক্যাম্পের বাসিন্দা শফিক আলম (২২), একই ক্যাম্পের লাল মিয়া।
কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায় যে, বাহারছড়া সমুদ্র এলাকায় বিপুল সংখ্যক ব্যক্তি, নারী ও শিশুসহ মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টায় বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ থেকে আউটপোস্ট সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে।
