টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্কটল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি : সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে সি-গ্রুপে শনিবারের (১৪ ফেব্রুয়ারি) খেলায় স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড। এখন পরবর্তী ম্যাচে ইতালিকে হারালেই নিশ্চিত হবে তাদের সুপার এইট।
নিজেদের আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে শোচনীয় পরাজয়ের পর মুষড়ে পড়া ইংল্যান্ড দল এই জয়ে আবার চাঙ্গা হয়ে উঠলো বলা যায়।
কলকাতায় অবশ্য ভালো ব্যাটিং উইকেটে ১৫২ রানের লক্ষ্য তাড়া করলেও শুরুর ধাক্কায় শঙ্কা তৈরি করেছিল। প্রথম দুই ওভারেই ফিরে যান ফিল সল্ট ও জস বাটলার। তার পর ইনিংস গুছিয়ে দেন টম ব্যান্টন ও জেকব বেথেল। ৬৬ রান যোগ করেন তারা। বেথেল ২৮ বলে ৩২ রানে আউট হলে ভাঙে গুরুত্বপূর্ণ জুটি। দ্রুত সময়ে দলের ৮৬ রানে হ্যারি ব্রুকও (৪) ফিরলে ৪ উইকেট হারিয়ে আবার চাপে পড়ে তারা।
যেহেতু ম্যাচটা হারলে বিদায় নিশ্চিত তাই আর কোনও ভুল হতে দেননি টম ব্যান্টন। চাপ সামলে খেলেছেন নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ইনিংস। তার ৪১ বলে ৬৩* রানের ঝড়ো ইনিংসে ১৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌছায় ইংল্যান্ড। ব্যান্টনের অপরাজিত ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়।
জ্যাকব বেথেল ছাড়াও এই সময়ে স্যাম কারান ২০ বলে ২৮ রানে তাকে সঙ্গ দিয়েছেন। ১০ বলে ১৬ রানের অপরাজিত ইনিংসে সঙ্গ দেন উইল জ্যাকসও।
এর আগে টস হেরে ব্যাট করে ১৫২ রানে অলআউট হয় স্কটল্যান্ড। অধিনায়ক রিচি বেরিংটনের ৩২ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস গড়ে দেয় মূল ভিত। ওপেনার মাইকেল জোন্সও করেন ২০ বলে ৩০। এছাড়া উল্লেখযোগ্য স্কোর করেন টম ব্রুস (২৪) ও ওলিভার ডেভিডসন (২০*)।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ শুরুতে খরুচে হলেও শেষ পর্যন্ত ৩৬ রানে নেন ৩ উইকেট। জোফরা আর্চার পাওয়ারপ্লেতে নেন দুই উইকেট।
