নাটোরে বসতবাড়িতে আগুন, মা-মেয়ের মৃত্যু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত
নাটোরে গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক নারী ও তার এক বছর বয়সী মেয়ের প্রাণ গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঝাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন- ওই এলাকার ঝান্টু প্রমাণিকের স্ত্রী ৩০ বছর বয়সী আতিয়া খাতুন ও তার মেয়ে রওজা খাতুন।
ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আতাউর রহমান বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা গিয়ে দেখি, ঝান্টুর বাড়িঘর পুরে ছাই হয়ে গেছে।
‘পরে মা-মেয়ের পোড়া মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করি।’
জানা গেছে, মা আতিয়া খাতুন ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমাচ্ছিলেন। আগুনে আটকা পড়ে মা-মেয়ে পুড়ে মারা যায়। বাড়ির মোট ৪টি বসতঘর এবং পাশের একটি মুদিদোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।
এ অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
