খুলনায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করল যুবলীগ নেতাকে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৮:০৮ এএম
যুবলীগের সাবেক নেতা আল আমিন
খুলনায় সোমবার (৮ জুলাই) রাতে নগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় যুবলীগের সাবেক নেতা আল আমিনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আল আমিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
খুলনা সদর থানা ওসি কামাল হোসেন খান জানান, নিহত আল আমিনের নামে থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন মিলে আল আমিনকে কুপিয়ে জখম করে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
