নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল কুমিল্লায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
ছবি: নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ হওয়া ঢাকা কাস্টমস অফিসের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম বুলেট বৈরাগী (৩৫)। আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশের ফুটপাত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ময়নামতি হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। দুপুর ১টার দিকে নিহতের স্বজনেরা থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।
এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন জানান, মরদেহে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে মুখমণ্ডল কিছুটা রক্তাক্ত ছিল।
জানা গেছে, নিহত বুলেট বৈরাগী কুমিল্লার কোতোয়ালি থানার পানপট্টি এলাকার সুশীল বৈরাগীর ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল তিনি চট্টগ্রামে যান।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে বাসে উঠে ঢাকার উদ্দেশে রওনা দেন বুলেট বৈরাগী। পথে পরিবারের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। সর্বশেষ রাত ২টা ২৫ মিনিটে তিনি পরিবারকে জানান, তিনি কুমিল্লার টমছমব্রিজ চৌরাস্তায় পৌঁছেছেন। এরপর আর তাঁর কোনো সংবাদ পাওয়া যায়নি এবং মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি না ফেরায় এবং সব জায়গায় খোঁজ করে কোনো হদিস না পেয়ে শনিবার (২৫ এপ্রিল) সকালে তাঁর বাবা সুশীল বৈরাগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
