ঐতিহাসিক বলী খেলায় হ্যাটট্রিক জয় কুমিল্লার বাঘার
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে ‘হ্যাটট্রিক’ গড়েছেন কুমিল্লার বাঘা শরীফ। জমজমাট লড়াইয়ে আবারও সেরা হয়ে তিনি নিজের আধিপত্য ধরে রাখলেন।
আজ শনিবার অনুষ্ঠিত ১১৭তম আসরের ফাইনালে তিনি একই জেলার মো. রাশেদকে পরাজিত করে শিরোপা জেতেন। এবারের আসরে গতবারের চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানারআপ রাশেদসহ প্রথম চারজন সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশ নেন।
এবারের বলী খেলায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১০৮ জন কুস্তিগীর অংশ নেন। প্রথম রাউন্ড পেরিয়ে আসা প্রতিযোগীদের মধ্যে ছিলেন বাগেরহাটের মো. মামুন, কুমিল্লার দিপু, নারায়ণগঞ্জের নুরুল ইসলাম ও সাভারের মো. মিঠু।
কোয়ার্টার ফাইনালে শাহজালাল মুখোমুখি হন নুরুল ইসলামের, মিঠু খেলেন কামালের বিরুদ্ধে, বাঘা শরীফ লড়েন দিপুর সঙ্গে এবং রাশেদ প্রতিদ্বন্দ্বিতা করেন মামুনের সঙ্গে। সেমিফাইনালে বাঘা শরীফ সহজেই শাহজালালকে হারিয়ে ফাইনালে ওঠেন। অন্যদিকে রাশেদ মিঠুকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় শাহজালাল ও মিঠুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৭ মিনিটের বেশি সময় ধরে চলা এ খেলায় মিঠু জয়ী হয়ে তৃতীয় স্থান অর্জন করেন। বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় যুবকদের সংগঠিত ও শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের বাংলা ১২ বৈশাখ চট্টগ্রামের লালদিঘী ময়দানে ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই বলী খেলার সূচনা করেন।
প্রতি বছর বাংলা ১২ বৈশাখ লালদিঘী মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এবার ছিল এর ১১৭তম আসর। খেলাকে ঘিরে বসা মেলা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। তবে এসএসসি পরীক্ষার কারণে এবার মেলার সময় একদিন কমানো হয়েছে।
