চুরির অপবাদে যুবদল কর্মীকে হত্যা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুরের কচুয়ায় পোল্ট্রির খামারের মোটর চুরির অভিযোগে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার দোয়াটি গ্রামের বিকাশ চন্দ্র সরকারের পোল্ট্রি খামারের সামনে এ ঘটনা ঘটে। পরে বিকেলে নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
নিহত যুবদল কর্মী, উপজেলার ৪নম্বর পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে শাকির হোসেন (৪০)।
মামলার এজাহারে বিকাশ চন্দ্র সরকার ও সোহরাব মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ ও ১২-১৪ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
নিহতের মা সাহেরা বেগম ও মেয়ে তামান্না আক্তার বলেন, গতকাল দুপুর ১২টায় দোয়াটি গ্রামে দলীয় একটি প্রোগামে যোগদানের কথা বলে বাড়ি থেকে বের হন শাকির। পরে রাত সাড়ে ৮টায় বাড়ি আসছি বলে তার স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টায় তাকে মারধর করা হয়েছে বলে প্রতিবেশী এক যুবকের এমন ফোন আসে। এর পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন পুলিশ শাকিরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছে। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়েছে।
নিহতের স্ত্রী জানান, ‘তার স্বামী তাদের মাছের প্রজেক্টে মাছ দেখতে গেলে আসার পথে বিকাশ চন্দ্র সরকার পূর্ব পরিকল্পিতভাবে মোটর চুরির অভিযোগ এনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধর করে পিটিয়ে আহত করলে তার মৃত্যু হয়। আমার স্বামী মোটর চুরি করেনি। তিনি তার স্বামীর মৃত্যুর জন্য বিকাশ চন্দ্রকে দায়ী করে এ হত্যার ন্যায় বিচার দাবি করেন।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছি। এছাড়া নিহতের স্ত্রীর একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
