×

বিএনপি

নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, ৯ বিএনপি নেতা অভিযুক্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাই, ৯ বিএনপি নেতা অভিযুক্ত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার খাতা ছিনতাইয়ের ঘটনায় বিএনপির ৯ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আরো ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ। এর আগে, শুক্রবার রাতে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বাদী হয়ে হরিপুর থানায় মামলাটি করেন। 

আসামিদের মধ্যে রয়েছেন- হরিপুর উপজেলার বশলগাঁও এলাকার মৃত শামসুল হকের ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, ভবান্দপুর এলাকার মতিউর রহমানের ছেলে বিএনপি নেতা মোকলেসুর রহমান, তোররা এলাকার গোলাম মোস্তফার ছেলে বিএনপি নেতা এরফান আলী, ভবান্দপুর এলাকার মতিউর রহমানের ছেলে বিএনপি নেতা মো. ফারুক, ভটা মোহাম্মদের ছেলে মাসুদ রানা এবং মশানগাঁও এলাকার কুদ্দুস আলীর ছেলে মো. উজ্জ্বলসহ আরও কয়েকজন।

এর আগে গত শুক্রবার বিকেলে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে উত্তরপত্র যাচাইয়ের কাজ চলাকালীন উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ইউএনওর কক্ষে প্রবেশ করেন। তারা সেখানে হট্টগোল শুরু করে একপর্যায়ে নিয়োগ পরীক্ষার খাতা ও প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নিয়ে যান।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, ‘সব কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছিল। হঠাৎ করে কয়েকজন এসে তার কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং একপর্যায়ে মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, ‘নিয়োগ পরীক্ষায় টাকা লেনদেনের একটা বিষয় নিয়ে ইউএনও সাহেবকে অবগত করতে গিয়েছিলাম। এ সময় ইউএনও আমাদের কথা আমলে না নিলে আমাদের ছেলেরা কাগজপত্র নিয়ে চলে আসেন। পরবর্তীতে আবারো সেগুলো দিয়ে আসা হয়েছে।’

মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘আয়া ও পরিছন্নতাকর্মী পদে আটজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাচ্ছি।’

এ বিষয়ে হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ রাতে ওই ঘটনায় হরিপুর থানায় মামলা করেছেন। মামলার তদন্ত অব্যাহত আছে। যারা প্রকৃতপক্ষে এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App