বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন হবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপি নেতা তারেক রহমান। এরপর রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও কোনো সংবাদ সম্মেলন আয়োজন করেননি তিনি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন।
একক সরকার গঠনের জন্য প্রয়োজন হয় মোট ১৫১ জন সংসদ সদস্য। দুয়েকদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রীপরিষদ গঠন ও সরকার পরিচালনার দায়িত্ব নেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।
নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তিনি দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এদিকে, গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে দলটির নেতারা সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
দলীয় সূত্রে জানা যায়, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীরাও ভিড় করেন।
