বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করলো বিএনপি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:৪৩ পিএম
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরআগে মঙ্গলবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত জানাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সম্প্রতি ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের বাঁধ খুলে দেয়ায় এই বন্যা দুর্ভোগের সৃষ্টি করেছে। আমরা সাধ্যমতো বন্যার্তদের মাঝে সহায়তা করছি। একটি কেন্দ্রীয় ত্রাণ সেলও গঠন করা হয়েছে। চাল, ডাল, তেল, ওষুধ, কাপড়, শুকনা খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে এক কোটি টাকা আমাদের নেতাকর্মীদের দেয়া হয়েছে। সেগুলো দিয়ে তারা ত্রাণ কিনে সহায়তা করছেন।
আরো পড়ুন : ১০ বছর পর কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জনতার ঢল
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন থাকছে না। বরং সীমিতভাবে কর্মসূচি পালিত হবে। ১ সেপ্টেম্বর কেবল শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া একটি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। যেখানে দেশের মানুষ ও ছাত্রজনতার আন্দোলনে হতাহতদের জন্য দোয়া করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে আসতে পারেন সে জন্য দোয়া করা হবে। সেসব টাকা বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলছি যে, কোনো দুর্বৃত্তপনা বা অপরাধ বরদাশত করা হবে না। যারাই এসব করছে তাদের বিরুদ্ধে দল ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছে।
