নলছিটিতে ট্রলি উল্টে প্রাণ গেল মালিকের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
ঝালকাঠির নলছিটিতে তিন চাকার একটি ট্রলি উল্টে মালিক নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। রোববার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মানপাশা-খেজুরতলা সড়কের কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।
নিহত হানিফ মাঝি (৩৮) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি এলাকার সুলতান মাঝির ছেলে। আহত চালক মো. ইমন বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানপাশা বাজারে তেল খালাস শেষে ট্রলিটি বাখরকাঠি এলাকায় ফিরছিল। পথে অতিরিক্ত গতির কারণে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন মালিক হানিফ মাঝি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত চালককে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
