এক জালে ধরা পড়লো ৪০ পিস কোরাল মাছ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: নিজস্ব
পটুয়াখালীর কুয়াকাটায় দীর্ঘদিনের আকাল কাটিয়ে এক জেলের জালে ধরা পড়েছে ৪০ পিস বড় সাইজের সামুদ্রিক কোরাল মাছ। সাগরে মাছের সংকট, দীর্ঘ সরকারি নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের উচ্চমূল্যে যখন জেলেরা দিশেহারা, ঠিক তখনই এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় উপকূলীয় জেলেদের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার ফিরে এসেছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারের মাঝি আঃ কাদের ও তার সঙ্গীরা মাছগুলো মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন। এরপর প্রকাশ্য নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে মোট সাড়ে তিন মণ কোরাল মাছ ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এতে প্রতি কেজি মাছের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১,২২৫ টাকা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর একসঙ্গে এতো কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই বিরল এ দৃশ্য দেখতে ভিড় করেন।
ট্রলারের মাঝি আঃ কাদের বলেন, দীর্ঘদিন পরে এতো কোরাল মাছ পেয়ে আমরা খুবই খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে।
তিনি আরো বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।
