প্রতিমন্ত্রীর নির্দেশ মেহেন্দিগঞ্জ বিএপির ব্যতিক্রমী বাজার
এম.কে. রানা, বরিশাল থেকে
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান-এর নির্দেশে ন্যায্যমূল্যের অস্থায়ী বাজার বসিয়েছে বিএনপি। তার নির্বাচনী এলাকা মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরের উত্তর বাজার (পুরান টলঘর) এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তত্ত্বাবধানে ২৩ ফেব্রুয়ারি বাজারটি চালু করা হয়। এটি চলবে ৩০ রমজান পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজার চালু থাকছে। এখানে স্বল্পমূল্যে শাকসবজি, ফলমূল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে, যা সাধারণ বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। স্থানীয়দের মতে, এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অস্থায়ী বাজারে পেঁয়াজ প্রতি কেজি ৪০ টাকা, রসুন ১২০ টাকা, ছোলা ৮০ টাকা, লেবু ৩৫ টাকা হালি, শসা ৪৫ টাকা, আলু ১২ টাকা, গাজর ৩০ টাকা এবং কাঁচা মরিচ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ইফতার সামগ্রীর মধ্যে খেজুর ৩০০–৩৫০ টাকা, মাল্টা ৩০০ টাকা, আপেল ৩০০ টাকা ও কমলা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বাজার পরিচালনাকারীরা জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে গরুর মাংস ৬০০–৬৫০ টাকা এবং মুরগির মাংস ১৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
স্থানীয়দের দাবি, এই বাজার চালুর ফলে বাজারের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমতে শুরু করেছে। সাধারণ ক্রেতারা বলছেন, আগে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি দামে পণ্য বিক্রি করতেন, এখন তারা কম দামে পণ্য কিনতে পারছেন।
প্রথম দিন বাজার মনিটরিং করেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন-এর নেতৃত্বে একটি টিম। তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভাঙতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
