দেড় বছর পর আ’লীগ কার্যালয় উদ্বোধন, ভাঙচুর চালাল ছাত্রদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দীর্ঘ ১৮ মাস পর পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় পুনরায় চালু করা হয়েছে। তবে উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে ভাঙচুর চালাল ছাত্রদল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দশমিনা সদর ইউনিয়নের নলখোলা বন্দরে অবস্থিত কার্যালয়টি দোয়া ও মোনাজাতের মাধ্যমে পুনরায় উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হাওলাদার এবং দশমিনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ প্যাদার নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী । পাশাপাশি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
এদিকে, উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় উপজেলা ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে তারা কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দশমিনা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন প্যাদা বলেন, ‘দীর্ঘদিন মামলা-হামলার মধ্যে থাকলেও বর্তমানে আমরা শান্তিপূর্ণ পরিবেশে রয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আওয়ামী লীগের দুষ্কৃত ও স্বতন্ত্র প্রতিপক্ষের লোকজনকে ব্যবহার করে কার্যালয় উদ্বোধন করিয়েছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিতের জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজের সঙ্গে যোগাযোগে করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
