জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ০৫:৪৫ পিএম
অ্যাটমোসপারিক কমপোজিশন অ্যান্ড দি এশিয়ান মোনসন বিষয়ক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী। ছবিটি তুলেছেন ভোরের কাগজের ফটোসাংবাদিক মাসুদ পারভেজ আনিস
জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তাকে একটি দেশের প্রধান উপাদান। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে খাদ্য উৎপাদন ও মান উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। জলবায়ু পরিবর্তন ও অন্য কারণে জীবন-জীবিকার জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির সংকট তৈরি হবে।
‘অ্যাটমোসপারিক কমপোজিশন অ্যান্ড দ্য এশিয়ান মোনসন’ বিষয়ক এক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৮ জুন) রাজধানী পল্টনের হোটেল ফার্সে দুইদিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়া অঞ্চলে বায়ু দূষণের কারণ ও ফলাফল নির্ণয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নেন। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, ঢাবি শিক্ষক আবদুস সালাম। কর্মশালা সঞ্চালন করেন রিতেশ গৌতম ও মিশাই শান্তি।
সাবের হোসেন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের একটি বড় চ্যালেঞ্জ। এর প্রভাব এখন বাংলাদেশে লক্ষ্যণীয়। এখন এটা হুমকি নয়, বাস্তবতা। বঙ্গোপসাগরের ‘সী লেভেল’ বেড়ে যাচ্ছে। এক মিটার সী লেভেল বাড়লে বাংলাদেশের অনেক মানুষ তালিয়ে যাবে। তাই বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। পলিসি পরিবর্তন করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর থেকে উত্তরণে উপায় খুঁজে বের করতে হবে। বিজ্ঞানভিত্তিক গবেষণা বাড়াতে হবে। অভিযোজন পদ্ধিতি আবিষ্কার করতে হবে।
