শব্দসৈনিকদের মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি প্রসঙ্গ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৯ পিএম
মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিটি শব্দসৈনিক অস্ত্র হাতে না নিলেও তাদের কণ্ঠ, লেখা, বুদ্ধিমত্তা আর সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গন ও দেশবাসীর মনোবলকে অটুট রেখেছে, সাহস দিয়েছে, উৎসাহ জুগিয়েছে, সর্বোপরি বেঁচে থাকার স্বপ্ন দিয়েছে। তাই জাতির জনকের কন্যা মাদার অব হিউমেনিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব শব্দসৈনিককে মুক্তিযোদ্ধার সম্মান দিয়েছেন তেমনি ভাতাও দিয়েছেন। এ কাজটি অতীতের কোনো সরকার করতে পারেনি। এজন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শব্দসৈনিকের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ শুনে উদ্বুদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলাম, যুদ্ধে যাবো, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করবো। ১৯৭১ সালের জুন মাস মুক্তিযুদ্ধ চলছে। জুন মাসে কোনো এক ভোররাত, ঘুম থেকে উঠলাম। খাটে মশারি টাঙানো। পরনের কাপড়েই বেরিয়ে গেলাম, ঘরের কাউকে কিছু না বলে। ঘরে মা, বাবা, ভাই-বোন, আমি পরিবারের সবার ছোট ছেলে, খুব আদরের, মাকে বলতে গেলে হয়তো পরিবেশ আরও দুঃখ ভরাক্রান্ত হবে, আবেগ ধরে রাখতে পারব না। মাকে ছেড়ে যেতে পারব না, কান্নাকাটি শুরু হয়ে যাবে। তাই ভোর পাঁচটায় চুপি চুপি দরজাটা খুলে ঘর থেকে পালালাম। কোনো দলের সঙ্গে বা কারও সঙ্গে নয়, একা বেরিয়ে গেলাম যুদ্ধ করতে, গন্তব্যস্থল স্বাধীন বাংলাবেতার কেন্দ্র। নীলক্ষেত থেকে ইপিআরটিসি বাসে উঠলাম। কাঁচপুর, দাউদকান্দি হয়ে কুমিল্লা পৌঁছালাম। দাউদকান্দিতে গিয়ে দেখলাম পাকিস্তানি সেনাবাহিনী ব্রাশফায়ার করছে, সবাইকে চোখ বেঁধে জিজ্ঞাসাবাদ করছে। কাউকে আবার ছেড়ে দিচ্ছে, আমাকে কোনো প্রশ্ন না করে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলো মিলিশিয়া আর রাজাকার আলবদররা। দৈবক্রমে বেঁচে গেলাম। ঈশ্বর বুঝি আমার সহায়। এরপর কুমিল্লার আড়িখোলা গ্রামের এক পরিবারের সহযোগিতায় পার হলাম বর্ডার।
পৌঁছালাম আগরতলা, সেখানে কলেজটিলায় গণসংগীতের একটি দল ইতোমধ্যে অনুষ্ঠান শুরু করেছে। সেখানে এক মাস থাকলাম। কাজ ছিল মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার জন্য দেশাত্মবোধক, উদ্দীপনামূলক গান শোনানো। এরপর পল্লীগীতি শিল্পী মরহুম সরদার আলাউদ্দিনকে সাথে নিয়ে আগরতলা থেকে কোলকাতায় ৫৭/২, বালীগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে পৌঁছালাম। সেখানে গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান শুরু করলাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এবং সেখানে রেকর্ডকৃত বেশিরভাগ গানেই আমার কণ্ঠ আছে। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সাড়ে সাত কোটি বাঙালি যখন পাক-হানাদার বাহিনীর আক্রমণে দিশেহারা, শোকাতুর, কামানের গোলায় পুলিশ লাইন ভস্মীভ‚ত এবং যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর-এর কিছু বঙ্গশার্দূল সম্পূর্ণ অন্ধভাবে স্ব-স্ব দায়িত্বে মৃত্যুর সাথে লড়ছিলেন, অন্ধভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রতিরোধ সংগ্রামে, ঠিক তখনই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্রের প্রথম অনুষ্ঠান শোনামাত্র বহু বাঙালি অশ্রু সংবরণ করতে পারেননি। সে অশ্রু ছিল আনন্দের, স্বস্তির, গৌরবের। বাঙালি আবার উঠে দাঁড়াল গভীর আত্মবিশ্বাসে। বীর বঙ্গশার্দূলগণ পেলেন শত্রুর ওপর আঘাত হানার নতুন প্রেরণা। ১৯৭০ সালে আমি ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হই। ঢাকা মেডিকেল কলেজের চার তালায় ঢাকা ডেন্টাল কলেজ ছিল। ডাকসুর সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সে সময় আমি জড়িত ছিলাম। তখন ঢাকা মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ একই ছাত্র সংগঠনের আওতাধীন ছিল। বছরের সকল সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম। ’৭১ থেকে শুরু হলো মুক্তিযুদ্ধ। সেই সময় ঢাকায় বিক্ষুব্ধ শিল্পীগোষ্ঠীর সঙ্গে যুক্ত হই। তখন আমরা রাস্তায় রাস্তায় গান করি। সমস্ত সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে তখন আমি জড়িত ছিলাম। জুন মাসের প্রথমদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলাম। আগরতলা থেকে সরদার আলাউদ্দিনের (বিশিষ্ট লোকসংগীতশিল্পী) সঙ্গে ট্রেনে চড়লাম কলকাতার উদ্দেশে। ট্রেনে ছিলাম চার দিন চার রাত। ট্রেনে টিকিট লাগত না সেই সময়। বলা হতো, জয় বাংলা এসেছে। এরপর কলকাতায় পৌঁছালাম। সেখান থেকে মরহুম আবদুল মান্নান (পরবর্তীকালে স্বাস্থ্যমন্ত্রী) পাঠালেন ৫৭/২ বালিগঞ্জ সার্কুলার রোডে। সেটিই ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অফিস। এই সময় পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইত্যাদি দেশের গান গাওয়া হতো দল বেঁধে। কলকাতায় বিভিন্ন মুক্তিযুদ্ধ ক্যাম্পে প্রখ্যাত শিল্পীদের সঙ্গে আমরা গান গাইতাম। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো, স্বাধীন বাংলা বেতার একদিন প্রখ্যাত লোকসংগীত শিল্পী হরলাল রায় আমাকে দিয়ে একটি দ্বৈত সংগীত গাওয়ালেন নাসরিন আহম্মদ শীলু আপার সাথে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, তখন তিনি ইংরেজি সংবাদ পাঠ করতেন)। গানটির কথা ছিল ‘জ্বলছে জ্বলছে প্রাণ আমার দেশ আমার’, গানটি লিখেছিলেন গীতিকার শহিদুল ইসলাম। এই গানটি ছিল আমার গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম দ্বৈত সংগীত। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারের দিন প্রথমবারের মতো আমার নাম ঘোষণা করা হয়। দিনটি ছিল ২১ অক্টোবর ১৯৭১, দ্বিতীয় অধিবেশনে গানটি প্রচার হয় এবং সেই দিনই আমার বাবা-মা বাংলাদেশে থেকে জানতে পারেন আমি জীবিত আছি, এটা আমার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। প্রথম পর্যায়ে চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিটারে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র সংগঠিত হয়েছিল চট্টগ্রাম বেতারের দশজন নিবেদিত কর্মী (দুজন বেতার কর্মী ছিলেন না), স্থানীয় নেতৃবৃন্দ, জনগণ এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সহযোগিতায়। এই বিপ্লবী বেতার কেদ্রের ১০ জন সার্বক্ষণিক সংগঠক ছিলেন সর্বজনাব বেলাল মোহাম্মদ (উক্ত বেতারের তৎকালীন নিজস্ব শিল্পী), আব্দুল কাশেম স›দ্বীপ (ফটিকছড়ি কলেজের তৎকালীন ভাইস প্রিন্সিপাল), সৈয়দ আব্দুল শাকের (চট্টগ্রাম বেতারের তৎকালীন বেতার প্রকৌশলী), আব্দুল্লাহ আল ফারুক (তৎকালীন অনুষ্ঠান প্রযোজক), মোস্তফা আনোয়ার (তৎকালীন অনুষ্ঠান প্রযোজক), রাশেদুর হোসেন (তৎকালীন টেকনিক্যাল এসিস্ট্যান্ট), আমিনুর রহমান (তৎকালীন টেকনিক্যাল এসিস্ট্যান্ট), শারফজ্জামান (তৎকালীন টেকনিক্যাল অপারেটর), রেজাউল করিম চৌধুরী (তৎকালীন টেকনিক্যাল অপারেটর) এবং কাজী হাবিবউদ্দিন (ইনি বেতার কর্মী ছিলেন না) স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রধান উদ্যোক্তা ছিলেন বেলাল মোহাম্মদ। দুইদিন পর এই বেতার কেন্দ্রের নাম থেকে বিপ্লবী কথাটি বাদ দেয়া হয়েছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচার বাধাহীনভাবে এগোতে পারেনি। প্রচণ্ড বাধা এলো চার দিনের মধ্যে। শত্রæর বোমারু বিমান থেকে ৩০ মার্চ, ’৭১ চট্টগ্রাম বেতারের কালুরঘাট ট্রান্সমিটারে বোমা ফেলা হলো। উপায়ন্তর না দেখে বাংলার বীর শব্দসৈনিকরা তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের সহায়তায় একটি ক্ষুদ্র এক কিলোওয়াট ট্রান্সমিটার বয়ে নিয়ে যান মুক্তাঞ্চলে। ১৭ এপ্রিল, কুষ্টিয়ার বৈদ্যনাথতলায় এই অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের।
পর মুক্তিযুদ্ধের প্রচার জোরদার করার উদ্দেশ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নতুন করে সংগঠনের দায়িত্ব অর্পিত হয় আব্দুল মান্নান, এমএন-এর ওপর। মুজিবনগরে পঞ্চাশ কিলোওয়াট (মধ্যম তরঙ্গ) শক্তিসম্পন্ন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শুভ সূচনা হয় ২৫ মে। পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার সাথে শুরু হয় এই বেতার কেন্দ্রের প্রচার। দৈনিক সকাল ৭টা ও সন্ধ্যা ৭টা এ দুই অধিবেশনে শুরু হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠান সূচিতে অন্তর্ভুক্ত হয় বাংলা এবং ইংরেজি খবর, সংগ্রামী মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ অনুষ্ঠান ‘অগ্নিশিখা’, ‘চরমপত্র’ ‘বিশেষ কথিকা’, ‘বঙ্গবন্ধুর বাণী’ এবং দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ‘জাগরণী’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কাজ চলত ছোট একটি দ্বিতল বাড়িতে। অনুষ্ঠান বাণীবদ্ধ করার জন্য স্টুডিও ছিল মাত্র একটি। পরে আর একটি কক্ষ খালি করে অনুষ্ঠান রেকর্ডিংয়ের ব্যবস্থা হয়। তবে এগুলোয় পেশাগত স্টুডিওর ন্যায় কোনো শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল না, ছিল না প্রয়োজনীয় বাদ্যযন্ত্র। অবশ্য পরবর্তীকালে বাদ্যযন্ত্রের আংশিক অভাব পূরণ হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিচতলায় ছিল রান্নাঘর, ওখানেই আমরা খেতাম। সারাদিন এবং গভীর রাত পর্যন্ত কাজ করে, গান রেকর্ড করে ওই বাড়ির খোলা মেঝেয় চাদর পেতে শুয়ে পড়তাম। ইথারে ভেসে আসা শব্দ যে বুলেটের চেয়েও শক্তি নিয়ে শত্রæর বিরুদ্ধে আঘাত হানতে পারে তার প্রমাণ হচ্ছে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’, ইয়াহিয়া খানের নেতৃত্বে টিক্কা-নিয়াজী-ফরমান আলীর পাক-পশুরা সেদিন বুলেট-বেয়োনেট দিয়ে বাংলাদেশের জনগণের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করতে চেয়েছিল। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হাতিয়ারের চেয়ে শক্তিশালী আঘাত হেনেছে নরপশুদের বিরুদ্ধে। এই কেন্দ্র থেকেই বাংলাদেশের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ভাষণ ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রথমবারের মতো বহির্বিশে^ প্রচারিত হয়। মুজিবনগর সরকার নিজস্ব পূর্ণাঙ্গ বেতার কেন্দ্রের গুরুত্ব অনুধাবন করে ভারত সরকারের সহযোগিতায় স্বাধীন বাংলা বেতর কেন্দ্রের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে। প্রাপ্ত যন্ত্রপাতি দিয়ে নানা প্রতিক‚লতার মধ্যেও ১৯৭১ সালের ২৫ মে মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করে, যা ১৯৭২ সালের ২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ইতিহাসের মর্মান্তিক হত্যাযজ্ঞের পর ২৬ মার্চ-এর সূর্য বয়ে এনেছিল বাংলার বুকে এক সাগর রক্ত, হাহাকার এবং শোকের কালো ছায়া। বাঙালির স্বাধিকার আদায়ের সংকল্প ও তেজ ২৫ মার্চ-এর ওই কালরাত্রির হত্যার সাথেই স্তব্ধ হয়ে গিয়েছিল চিরদিনের জন্য। কিন্তু না, এমনি হতাশার মধ্যে ২৬ মার্চ অপরাহ্ন প্রায় দু’টার সময় তৎকালীন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে একটি বিদ্রোহী কণ্ঠে বাংলার জনগণের প্রতি দখলদার বহিনীকে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র ইথারে আলোড়ন তুলল ‘বীর বাঙালিগণ ইয়াহিয়া চক্রকে প্রতিহত করছে সর্বশক্তি দিয়ে। ইপিআর এবং পুলিশ বাহিনী বীরবিক্রমে শত্রুর ওপর আঘাত হানছে। দেশপ্রেমিক বাঙালিরা রাস্তায় রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে শত্রুর অগ্রযাত্রা প্রতিরোধ করছে। দিকে দিকে চলছে শত্রু হননের মিছিল’। বর্তমান বাংলাদেশ সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকল শব্দসৈনিককে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান ও স্বীকৃতি দিয়েছেন এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া অনেক গৌরবের, বীরত্বের এবং সম্মানের।
